ছাতক প্রতিনিধি :: ছাতকে বালু মহাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ২টি ড্রেজার মেশিনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ছাতক থানা পুলিশের এক অভিযানে চেলা নদী থেকে ড্রেজার মেশিনসহ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মৃত তাহের আলীর পূত্র মোশাহিদ আলী (৫৫), সুনামগঞ্জ জেলার জামাল গঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের ইব্রাহিম মিয়ার পূত্র রবি মিয়া (২৮) ও একই উপজেলার শরিফপুর গ্রামের মকবুল হোসেনের পূত্র বেলাল হোসেন (৩০)কে আটক করা হয়। বিকেলে পুলিশের উপ-পরিদর্শক অরুন কুমার দাস বাদী হয়ে আটককৃত ৩জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। ছাতকের একাধিক বালু ব্যবসায়ীদের অভিযোগ, সরকারী ভাবে বালু মহালে ড্রেজার দিয়ে বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্তু এই নিষেধাজ্ঞা থাকা সত্বেও একটি মহল স্থানীয় প্রভাবশালীদের ছত্র-ছায়ায় বালু মহাল থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারনে স্থানীয় বালু ব্যবসায়ী ও বালতি শ্রমিকরা মারাত্ত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চেলা নদীর বালু মহালে অবৈধ ড্রেজার মেশিন চালানো বন্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।