সিলেট | |
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬
নিজস্ব সংবাদদাতা :: মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের লক্ষ্য করে সক্রিয় থাকা একটি সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। আজ রোববার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বহির্বিভাগে রোগীদের ভিড়ের সুযোগ নিয়ে চুরির চেষ্টাকালে স্থানীয় ও রোগীদের সহায়তায় তাদের আটক করা হয়।
আটককৃত নারীরা হলেন—আসমা খাতুন, তানজিলা, তানিয়া, নাসিমা সহ তাদের দলের অন্য সদস্যরা। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা দূর-দূরান্তের রোগীদের ভিড় ও অসাবধানতার সুযোগ নিয়ে সুকৌশলে গলায় থাকা স্বর্ণের চেইন, ব্যাগ কেটে নগদ টাকা ও পকেট থেকে মোবাইল ছিনিয়ে কেটে পড়ছিল একটি সক্রিয় চক্র। আজ ইএনটি বিভাগে রোগীদের দীর্ঘ লাইনে চিকিৎসা সেবার কোনো টিকিট না কেটে সন্দেহজনকভাবে অবস্থান করছিল এই নারীরা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পেছনে থাকা অন্য রোগী ও স্বজনেরা তাদের আটক করেন এবং জিজ্ঞাসাবাদ চালান।
জিজ্ঞাসাবাদে আটককৃত নারী সদস্যরা তাদের চুরির অপকর্মের কথা স্বীকার করে। তারা জানায়, ব্রাহ্মণবাড়িয়ার ধরমণ্ডল এলাকা থেকে একটি সংঘবদ্ধ দল হয়ে তারা নিয়মিত হাসপাতালে আসত এবং আউটডোরে আসা রোগীদের ভ্যানিটি ব্যাগ, নগদ টাকা ও মোবাইল লক্ষ্য করে চুরি পরিচালনা করত। ঘটনার সময় তাদের কারও কাছেই হাসপাতালে চিকিৎসা নেওয়ার কোনো ভাউচার বা টিকিট পাওয়া যায়নি।
ঘটনার পর আটককৃতদের স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে বলে হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সদর হাসপাতাল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, “হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবে প্রতারক বা চোর চক্রের শিকার না হন, সে বিষয়ে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। রোগী ও তাদের স্বজনদেরও ভিড়ের স্থানে নিজেদের মালামাল ও প্রয়োজনীয় জিনিসপত্র সতর্কতার সাথে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।”
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd