সিলেট | |
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটে রাতের আঁধারে মোবাইল ফোনে ডেকে নিয়ে বদরুল আলম (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা ব্যবসায়িক প্রায় সব টাকা ছিনতাই করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বদরুল আলম গোয়াইনঘাট উপজেলার হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। তিনি গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়ার ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে একটি ফোন পেয়ে এক সহযোগীকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী গোরাগ্রাম এলাকায় যান বদরুল। পরে ভোর ৫টার দিকে পরিবারের কাছে ফোন আসে যে তাদের ওপর ১০-১৫ জনের একটি দল হামলা চালিয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন গোরাগ্রামের বন্দরবাড়ি মসজিদের পাশের রাস্তা থেকে বদরুল ও তার সঙ্গে থাকা সাদেককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার সঙ্গী সাদেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের ভাই মাওলানা আখলাকুল আম্বিয়া জানান, বদরুলের সঙ্গে ব্যবসায়িক কাজের বেশ কিছু টাকা ছিল। মূলত টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের সঙ্গে থাকা আহত সঙ্গী সাদেক বলেন, “আমরা একটি জায়গায় টাকা আনতে গিয়েছিলাম। টাকা নিয়ে ফেরার পথে গোরাগ্রামের শাহীন ও তার ভাইয়েরা পূর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়। আমি পালিয়ে বাঁচলেও তারা বদরুলকে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়।”
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd