সিলেট | |
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটার পূর্ব পাড়ে কথিত ইজারা চুক্তিতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের শর্ত থাকলেও, বাস্তবে ইঞ্জিনচালিত যান্ত্রিক সেইভ মেশিন দিয়ে অবৈধভাবে খনিজ বালু উত্তোলনের তাণ্ডব চলছে। ইজারাদার ও প্রশাসনের একটি অসাধু মহলের গোপন সমঝোতায় এই অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার সকাল থেকে দিনভর নদীর পূর্ব পাড়ে প্রায় ২১২ থেকে ২২০ সেট যান্ত্রিক সেইভ মেশিন বসিয়ে নির্বিচারে খনিজ বালু উত্তোলন করা হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মঙ্গলবার সকালে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হোসাইন আরাফাত টহল দল নিয়ে নদীর পূর্ব তীরে যান। সেখানে সেইভ মেশিন আটকের কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে, উল্টো চাঁদা আদায়কারী সোর্সদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সময় কাটান তিনি।
অভিযোগ রয়েছে, তদন্ত কেন্দ্রের ইনচার্জের প্রত্যক্ষ ইন্ধনে প্রতিটি সেইভ মেশিনের বিপরীতে নিয়োগ করা সোর্সদের মাধ্যমে মঙ্গলবার জোরপূর্বক ২ হাজার ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হোসাইন আরাফাত বলেন, ‘আমার ডিউটির কোনো নির্দিষ্ট সময় নেই। নিয়মিত টহলের অংশ হিসেবেই আমি মঙ্গলবার জাদুকাটার পূর্ব তীরে গিয়েছি এবং কিছু সময় সেখানে অবস্থান করেছি।’ তবে সেইভ মেশিনের বালু উত্তোলনের বিপরীতে সোর্সদের দিয়ে চাঁদা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
স্থানীয়দের আরও অভিযোগ, নদী তীরবর্তী ঘাগটিয়া এলাকার এখলাসের ছেলে রুবেল ও তাঁর চক্রকে অনৈতিক সুবিধা দিয়ে যাচ্ছেন ওই পুলিশ কর্মকর্তা। বাদাঘাট তদন্ত কেন্দ্রে যোগদানের পর থেকেই রাতের আঁধারে নদীর পাড় ও পুকুর খুঁড়ে বালু উত্তোলনের সুযোগ করে দেওয়া হচ্ছে এই চক্রকে।
শুধু তাই নয়, রুবেলের সহোদর ভাই ‘তক্ষক প্রতারক রানু’সহ একাধিক মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান পরিচালনার আগেই সেই তথ্য ফাঁস করে দিয়ে অভিযান ব্যর্থ করে দেওয়ার গুরুতর অভিযোগও রয়েছে এসআই হোসাইন আরাফাতের বিরুদ্ধে।
পরিবেশ ধ্বংসকারী এসব অবৈধ যান্ত্রিক সেইভ মেশিন বন্ধ এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd