সিলেট ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯
স্টাফ রিপোর্টার :: দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিমকে বহিস্কার করেছে বিএনপি।
তিনি আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজন্য গত বুধবার দল থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।
শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়েছে।
এতে বলা হয়েছে, দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে দলের গঠনতন্ত্রের ৫ (গ) ধারা অনুসারে ডালিমকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এ পত্রের অনুলিপি সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি সিলেট জেলার সভাপতি ও সম্পাদক বরাবরে পত্র প্রেরণ করে দল থেকে অব্যাহতি নেন ডালিম। তিনি এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবি হওয়া বিএনপি এবারের উপজেলা নির্বাচন বর্জন করেছে। ওই ঘোষণার পর তৃণমূল নেতাদের হুঁশিয়ার করে তারা বলেছিল, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd