সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর অস্বাভাবিক, অকাল মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
শনিবার সকালে আইজিপি এক শোকবার্তায় বলেন, অগ্নিদ্গ্ধ হয়ে মোয়াজ্জেম হোসেন নান্নুর অকালে চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত হৃদয়বিদারক ও শোকাবহ ঘটনা। অপরাধবিষয়ক সাংবাদিক হিসেবে সমাজের অন্যায় ও অসত্য তিনি তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে তুলে ধরে সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন।
বাংলাদেশ পুলিশের সঙ্গে তার ছিল সৌহার্দ্যপূর্ণ পেশাগত সুসম্পর্ক। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী ও অমায়িক একজন মানুষ। তার অকাল মৃত্যুতে আমরা এক নিষ্ঠাবান ও আদর্শ সাংবাদিক এবং আমাদের অত্যন্ত প্রিয় কাছের একজন মানুষকে হারালাম। আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শুক্রবার (১২ জুন) ভোরে রাজধানী বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর রোডের বি ব্লকের ৪৪/৪৬ নম্বর নিজ বাসায় হঠাৎ আগুন লাগে। দ্রুত আগুন নির্বাপণ হলেও দগ্ধ হন সাংবাদিক নান্নু। গুরুতর অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আগুনের বিষয়ে তার স্ত্রী শাহীনা আহমেদ পল্লবী জানিয়েছিলেন, রাত্রিকালীন অফিস শেষে বাসায় ফিরে খাওয়া দাওয়ার পর রাত ৩টার দিকে হঠাৎ করে শব্দ হয়। গ্যাসের গন্ধও পাওয়া যাচ্ছিল। গ্যাস লাইনের লিকেজ থেকে সম্ভবত অগ্নিকাণ্ডের সূত্রপাত। তাতেই দগ্ধ হন তিনি।
শনিবার (১৩ জুন) সকাল ৮টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
এর মাত্র ছয় মাস আগে গত ২ জানুয়ারি ওই একই বাসায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তাদের একমাত্র সন্তান মিউজিক ডাইরেক্টর পিয়াস (২৪) প্রাণ হারান। সে সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক এ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd