সিলেট | |
প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর উত্তর বালুচর এলাকায় সাংবাদিক মো. বদরুর রহমান বাবরের ওপর হামলা, মারধর ও টাকা-মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে হযরত শাহপরান (র.) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার স্ত্রী পারুল বেগম।
শনিবার (৩০ আগস্ট) দেওয়া অভিযোগে বলা হয়, শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে জোনাকী আবাসিক এলাকার মাসুক মিয়ার চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই রাতে হান্নানিয়া মসজিদে অনুদানের টাকা দিতে গিয়ে মসজিদ বন্ধ দেখতে পান সাংবাদিক বাবর। পরে মসজিদের মোতাওয়াল্লি শাহ আলম মেম্বার ও ক্যাশিয়ার আলাউদ্দিনকে নিয়ে তিনি চায়ের দোকানের সামনে বসে মসজিদের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় পূর্ববিরোধের জের ধরে এক ব্যক্তি এসে তার সঙ্গে কথা কাটাকাটি করেন এবং একটি সাইবার মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে ওই ব্যক্তি আরও কয়েকজনকে ডেকে এনে সাংবাদিককে ঘিরে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে লোহার রড দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করা হয়। আত্মরক্ষার সময় মাটিতে পড়ে গেলে তার ডান পায়ে রড দিয়ে একাধিক আঘাত করা হয়। এতে তিনি আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় তার পকেটে থাকা প্রায় ৯ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। পরে আহত সাংবাদিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে ছড়ারপার এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা সিএনজি অটোরিকশার গতিরোধ করে পুনরায় হামলার চেষ্টা করেন। পরে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
অভিযোগকারী দাবি করেন, এলাকার বিভিন্ন অনিয়ম, টিলা কর্তন ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংবাদিক বাবরের অবস্থানের কারণে অভিযুক্তদের সঙ্গে তার পূর্ববিরোধ রয়েছে। এর আগেও হামলা, ভয়ভীতি ও অনলাইনে হয়রানির অভিযোগে মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি সাংবাদিক বাবর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার স্ত্রী। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd