সিলেট ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: প্রাণঘাতি করোনা কেড়ে নিয়েছে সিলেট নগরীর এক ব্যবসায়ীর প্রাণ। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এই ব্যবসায়ীর নাম জামাল আহমদ (৫৬)। সোমবার সন্ধ্যায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই ব্যবসায়ী গত ৬ দিন আগে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সিলেট সিটি কর্পোরেশনের ৫ ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, মারা যাওয়া ওই ব্যবসায়ীর নমুনা পরীক্ষায় বেশি সময় লেগেছে। তার শরীরে করোনার উপসর্গ ছিল। কিন্তু তিনি করোনা পজেটিভ ছিলেন কি-না তা জানতে লেগেছে ৫ দিন সময়। শামসুদ্দিন হাসপাতালে বারবার যোগাযোগ করার পর মারা যাওয়া ব্যবসায়ীর করোনা পরীক্ষার রিপোর্ট জানা সম্ভব হয়নি বলে দাবি কাউন্সিলর শামীমের। তিনি বলেন, অবশেষে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে গতকাল রবিবার তিনি জানতে পেরেছেন ওই ব্যবসায়ীর করোনা পজেটিভ ছিল। তিনি আক্ষেপ করে বলেন, ওই ব্যবসায়ী আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন। শুরুতেই যদি জানা যেত তার শরীরে করোনা রয়েছে তাহলে তার পরিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেত।
এ ব্যাপারে বিস্তারিত জানতে শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্রের ফোনে বারবার যোগাযোগ করলেও তিনি রিসিভ করেন নি।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যবসায়ী চৌকিদেখীর জান্নাত মটরস এর মালিক ও সৈয়দ নাছির উদ্দীন মাদ্রাসার কোষাধ্যক্ষ ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd