সিলেট | |
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পুলিশ পদক২০২৫ প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এ পদক তুলে দেন।
২০২৫ সালের সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা, সেবায় অনন্য নজির, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উল্লেখযোগ্য কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের এ পদকের জন্য মনোনীত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখার ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে শামসুল হাবিবের নাম পিপিএম-সেবা পদকের জন্য চূড়ান্ত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের কর্মদক্ষতা ও উল্লেখযোগ্য অবদানের ভিত্তিতে চার ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদকের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে পিপিএম-সেবা পদকের জন্য নির্বাচিত হন ৪৪ জন।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ শামসুল হাবিবের এ অর্জনে সিলেট মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও সন্তোষের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রীয় এ স্বীকৃতি তাঁর পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd