জেলার সাহেব নিজেই জেলে, ফেঁসে যাচ্ছেন ৫০ সরকারি কর্মকর্তা
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : প্রায় অর্ধকোটি নগদ টাকা, আড়াই কোটি টাকার এফডিআর, ১ কোটি ৩০ লাখ টাকার চেক আর ১২ বোতল ফেনসিডিল নিয়ে গত বছর পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাস।<>সোহালে রানা চট্টগ্রাম থেকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু পাপের ভার তাকে বাড়ির পরিবর্তে কারাগারে নিয়ে যায়। সেই থেকে জেলার সাবেক এখনো কারাগারে আছেন। তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
সোহেল রানা গ্রেফতার হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলমের নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়। সেই কমিটির অনুসন্ধানে সোহেল রানাসহ আরও ৪৯ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের তথ্য পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তাদের মধ্যে রয়েছেন, কারা বিভাগের ১ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ২ জন সিনিয়র জেল সুপার, সাতজন ডেপুটি জেলারসহ ৪৯ কর্মকর্তা–কর্মচারী।
তদন্ত শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। ওই প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন জমা দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের যুগ্ম সচিব ও তদন্ত কমিটির সদস্য সৈয়দ বেলাল হোসেন।