বিশ্বনাথে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের দাবীতে কাল থেকে অনির্দিষ্ঠকালের ধর্মঘট
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের দাবিতে আগামীকাল ২৪ মে থেকে অনির্দিষ্ঠকালের জন্য ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের নেতৃবৃন্দ।
ধর্মঘট চলাকালে ওই দিন (২৪ মে) সকাল ৬টা থেকে বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকায় কোন প্রকারের যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দেন বিশ্বনাথ উপজেলা পরিবহণ শ্রমিক ঐক্যজোটের সভাপতি ও পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী।
অনির্দিষ্ঠকালের ধর্মঘট কর্মসূচি ঘোষণাকালে নেতৃবৃন্দ বলেন, আমরা দীর্ঘদিন ধরে ‘বিশ্বনাথে তীব্রভাবে লোডশেডিং ও শিশুশ্রম বৃদ্ধিকারী’ ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ করার দাবী জানিয়ে আসলেও স্থানীয় প্রশাসনসহ কেই আমাদের কথা আমলে নিচ্ছেন না।
কিংবা পরিবহন শ্রমিকদের পক্ষে কেউ কোন কথা বলছেন না। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই অনেকটা বাধ্য হয়েই বিশ্বনাথে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের দাবিতে আগামীকাল ২৪ মে থেকে অনির্দিষ্ঠকালের জন্য ধর্মঘট পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
ওই দিন (২৪ মে) পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পরে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১’র বিশ্বনাথ জোনাল অফিস ঘেরাও করা হবে। আমাদের কর্মসূচি প্রথমে উপজেলা পর্যায়ে শুরু হলেও তা ক্রমান্বয়ে জেলা তথা বিভাগীয় পর্যায়ে পালন করা হবে।
উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত অনির্দিষ্ঠকালের ধর্মঘট কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ময়না মিয়া, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য কুতুব উদ্দিন, আব্দুল আজিজ সুমন, সহ সভাপতি ফরিদ মিয়া, সেবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।