সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২০
স্টাফ রিপোর্টার :: গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হন। বৃহস্পতিবার (১১ জুন) এই বিভাগে নতুন করে শনাক্ত হয়েছেন ১০৮ জন। এরমধ্যো সিলেট জেলার ৮৫ জন ও সুনামগঞ্জ জেলার ২৩ জন রয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১০৮ জনের করোনা শনাক্ত হয়।
এই ১০৮ জন নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে্ ২০৭২ জনের। আর সিলেট জেলায় মোট শনাক্ত হয়েছেন ১২৪৮ জন। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ৪২ জন আর সুস্থ হয়েছেন ৪৩৩ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩৮০ জন।
ওসমানী মেডিকেল কলেজ: বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সিলেট জেলায় আরও ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীর ল্যাবে বৃহস্পতিবার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার বাসিন্দা বেশি। শনাক্তদের মধ্যে চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য রয়েছেন।
ঢাকার ল্যাব : ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেটে আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জমা হওয়া নমুনা থেকে কিছু নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। এরমধ্যে কিছু নমুনার পরীক্ষায় শেষে ৩৮টি পজেটিভ এসেছে বলে জানানো হয়েছে।
ডা. আনিসুর জানান, শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে ৪ জন বিয়ানীবাজার ও ২ জন ফেঞ্চুগঞ্জ উপজেলার। বাকী ৩২টি নমুনা শামসুদ্দিন হাসপাতাল থেকে পাঠানো হয়েছিলো।
শাবির ল্যাব: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) শাবির ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এ ২৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের সকলেই সুনামগঞ্জ জেলার।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
জেলার সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন জানান, নতুন ২৩ জনসহ এই জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪১৯ জনের। এছাড়া সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন এবং সুস্থ হয়েছেন ৯৪জন।
বৃহস্পতিবার শনাক্ত হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৪ জন, ছাতক উপজেলায় ৫ জন, জগন্নাথপুর উপজেলায় ২ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪ জন এবং দিরাই উপজেলায় ৩ জন রয়েছেন।
সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন আরও বলেন, আমরা তাদের দ্রুত আইসোলেশনে নিয়ে আসবো এবং তারা যাদের যাদের সংস্পর্শে গিয়েছেন তাদের কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করবো।
এদিকে, সিলেটের করোনার প্রকৃত চিত্র নয়। কারণ নমুনা জমা দেওয়ার পর অনেক দিন পার হলেও রিপোর্ট পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (১১ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৯৬২ জন নমুনা প্রদানকারী করোনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।
ওসমানী হাসপাতালে কিছুদিন পরপর নমুনা জমে যাচ্ছে। তখন তা পাঠানো হচ্ছে ঢাকায়। আর এতে করে রিপোর্ট আসতে লাগছে দীর্ঘ সময়। সময়মতো রিপোর্ট না পাওয়ায় সিলেটে বাড়ছে করোনা সংক্রমণের আতঙ্ক।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd