সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের জাফলংয়ে যুবলীগ নেতা আবুল কাশেমের ঘর জ্বালানো মামলার দুই জনকে আটক করছে পুলিশ। শুক্রবার (১৫ মে) ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ তাদের আটক করেন।
আটককৃতরা হল, উপজেলার ছৈলাখেল অষ্টম খন্ড গ্রামের মৃত হযরত খানের ছেলে রেজা খান ও আসামপাড়া হাওর গ্রামের মোকাদ্দছ আলীর ছেলে রাসেল শিকদার।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল আহাদ বলেন, মামলার অপর আসামিদের আটক করতে থানা পুলিশ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই আসামিদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, পূর্ব বিরোধের জের ধরে গত ৫ মে রাতে গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কাশেমের সাথে তার প্রতিবেশী আব্দুল হান্নান নামের এক যুবকের মারামারির ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে আব্দুল হান্নান ও তার স্বজনরা মিলে যুবলীগ নেতা আবুল কাশেমের বাড়িতে হামলা চালায়। হামলা চলাকালীন সময়ে কে বা কারা কাশেমের বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
এতে ওই যুবলীগ নেতার দুইটি বসতঘর, একটি মোটর সাইকেল, টিভি, ফ্রিজ ও ঘরের মূল্যবান সব আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে দাবী করে যুবলীগ নেতা আবুল কাশেম বাদী হয়ে আব্দুল হান্নানকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd