সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটের কানাইঘাটে সরকারি খাস ভূমি থেকে অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গত ৬ আগস্ট সোমবার সকাল ১০টায় উপজেলার এরালীগুল গ্রামের আলাউদ্দিন সরকারি প্রায় ১৫টি গাছ কেটে ফেলেন। এ ব্যাপারে আলাউদ্দিনের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ প্রমাণিত হলেও কোন মামলা বা এর বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
জানা যায়, উপজেলা এরালীগুল গ্রামের মরহুম হারিছ আলীর পুত্র আলাউদ্দিন উরফে মড়ই মেম্বার (৫০) ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে সরকারি গাছ কাটেন। এরই ধারাবাহিকতায় সোমবার এরালীগুল গ্রাম থেকে বিভিন্ন জাতের প্রায় ১৫টি গাছ কাটেন। কানাইঘাটের ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির এরালীগুল মৌজার জেএল নং- ২৪৫, এস.এ দাগ নং-৩৭২, সরকারী খাস খতিয়ানভূক্ত টিলারকম ভূমি হইতে মড়ই ও তার সহযোগীরা সরকারি ভূমি থেকে গাছ কর্তন করে। খবর পেয়ে কানাইঘাট উপজেলা ভূমি অফিসের মন্তাজগঞ্জ তফসিল অফিসের লোকজন ঘটনাস্থলে যান। অবৈধ ভাবে কাটা গাছগুলোর তালিকা তৈরি করে গাছের টুকরাগুলো একই গ্রামের শামীম উদ্দিনের জিম্মায় দিয়ে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায় যে, এরালীগুল গ্রামের আলা উদ্দিন মড়ই মেম্বার ২০১৬-১৭ সালে প্রায় ১২ লক্ষ টাকার বিভিন্ন জাতের গাছ অবৈধভাবে কেটে বিক্রি করেছেন। এনিয়ে সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা রয়েছে। (যার নং-৭২২/২০১৮)। উক্ত মামলার ১নং আসামী রহিয়াছেন আলা উদ্দিন মড়ই মেম্বার। এছাড়া উক্ত মামলায় স্থানীয় আরো ৯ জন আসামী রয়েছেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের গাছ বিক্রয়ের টাকা দিয়ে তার এক ছেলে কাশিম উদ্দিনকে ফ্রান্স পাঠিয়েছেন। উক্ত কাশিম উদ্দিন সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা দায়রা মামলা নং-৭২২/২০১৮ এর ফেরারী আসামী।
এছাড়া আলা উদ্দিন মড়ই মেম্বারের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি, চোরাচালানের একটি মামলা রয়েছে এবং হত্যা চেষ্টার উদ্দেশ্যে গুরুতর আহত করার একটি মামলা রয়েছে, যাহা কানাইঘাট জিআর মামলা নং- ৩৭/২০১৫। এছাড়া মড়ই মেম্বার সরকারী প্রায় ২০ বিঘা জমি অবৈধভাবে দীর্ঘদিন থেকে দখল করে ভোগ করছেন। উক্ত ভূমিতে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন প্রজাতীর গাছ রয়েছে। যাহা প্রকাশ্যে নিলাম করিয়া বিক্রয় করিলে সরকারি রাজস্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বিদ্যমান রহিয়াছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
এব্যাপারে কানাইঘাটের মন্তাজগঞ্জ তফসিল অফিসের তহশিলদার মো: শাহাব উদ্দিন জানান, সরকারী ভূমি থেকে অবৈধভাবে কর্তন করা গাছগুলো জব্দ করে শামীম উদ্দিনের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া কর্তনকৃত গাছের টুকরাগুলোর তালিকা তৈরি করে একটি প্রতিবেদন কানাইঘাট উপজেলা ভূমি অফিসে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে আলাপকালে, আলা উদ্দিন মড়ই মেম্বার ও তার চাচাতো ভাই শামীম উদ্দিন জানান, আমাদের বাড়ীতে আমরা গাছ লাগিয়েছি। জায়গাটিও আমাদের দখলীয়। তাই আমাদের লাগানো গাছগুলি আমরা কাটতে পারবো না, এটা কেমন কথা। আমরা আমাদের বাড়ীতে যাতায়াতের জন্য একটি রাস্তা তৈরি করতে গিয়ে প্রয়োজনে উক্ত গাছগুলো কাটিয়াছি। গাছ কাটার অভিযোগকারীরা আমাদের প্রতিপক্ষ। তাই তারা প্রশাসনের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে হয়রানীর চেষ্টা করছে।
এদিকে এরালীগুল এলাকার বাসিন্ধা মো: আব্দুর রব জানান, উক্ত গাছ কর্তনকারীরা একটি সংঘবদ্ধ চক্র। তারা সুযোগ পেলেই সরকারী গাছ কেটে বিক্রয় করে ফেলে। তাই তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তিনি প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd