সিলেট | |
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে বাড়িতে না পেয়ে তার মাকে হত্যার হুমকি ও বাড়িঘরে আগুন দেওয়ার ভয় দেখানোর অভিযোগ উঠেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার ২–৩ দিন আগে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একটি গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করেছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মিজানুর রহমানকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে বিএনপি-জামায়াতের ১০–১২ জন নেতাকর্মী পুলিশের সঙ্গে নিয়ে মিজানুর রহমানের বাড়িতে যান।
এ সময় মিজানুর রহমানকে বাড়িতে পাওয়া না গেলে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পুলিশ চলে যাওয়ার পর ওই ব্যক্তিরা মিজানুর রহমানের মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, এবং তার বাড়ি ঘর ভাংচুর করে ও ঘরের যাবতীয় আসবাবপত্র তছনছ করে ফেলে। একপর্যায়ে তার ছেলেকে তাদের হাতে তুলে না দিলে তাকে হত্যা করা হবে এবং বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে মিজানুর রহমানের মায়ের সঙ্গে কথা হলে তিনি জানান, ঘটনার পর স্থানীয় দুইজন গণ্যমান্য মুরব্বিকে সঙ্গে নিয়ে রাজনগর থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তার অভিযোগ গ্রহণ করেনি। এ সময় তাকে বলা হয়, তার ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকায় তার বিষয়ে কোনো অভিযোগ আমলে নেওয়া হবে না।
তবে এ ঘটনায় বিএনপি, জামায়াত কিংবা রাজনগর থানা পুলিশের সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd