সিলেট | |
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী পুলিশ ফাঁড়ি সংলগ্ন বালুর মাঠ এলাকা এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, দিনের আলো নিভে এলেই ওই এলাকাটি অপরাধের স্বর্গরাজ্যে রূপ নেয়। হাসিনা নামের এক নারীর চায়ের দোকানের আড়ালে সন্ধ্যার পর থেকে শুরু হয় রমরমা মাদক ব্যবসা।
অনুসন্ধানে জানা যায়, হাসিনা দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, হাসিনার মেয়ের জামাই ‘মনাই’ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবী হিসেবে পরিচিত। মনাই মূলত কম বয়সী তরুণ ও কিশোরদের টার্গেট করে মাদকের বিস্তার ঘটাচ্ছে, যা এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
হাসিনার বিরুদ্ধে মাদকের পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড পরিচালনারও গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হাসিনা তার দোকানে নারীদের ব্যবহার করে অনৈতিক কারবার চালিয়ে যাচ্ছেন, যা এলাকার পরিবেশ ও সামাজিক শৃঙ্খলাকে চরমভাবে বিঘ্নিত করছে।
ভুক্তভোগী এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কদমতলী পুলিশ ফাঁড়ির খুব কাছেই এই অবৈধ কর্মকাণ্ড চললেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। পুলিশের নাকের ডগায় কীভাবে দিনের পর দিন এমন অপরাধমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ‘সন্ধ্যার পর বালুর মাঠ এলাকা দিয়ে পথ চলতে ভয় লাগে। মাদক কারবারিদের দাপটে কেউ মুখ খোলার সাহস পায় না। অবিলম্বে এই মাদক সিন্ডিকেট ও অসামাজিক কর্মকাণ্ডের হোতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে পুরো এলাকা মাদকের বিষবাষ্পে তলিয়ে যাবে।’
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd