সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : চাঁদা দাবির অভিযোগে শ্বশুর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের করা মামলায় তার পুত্রবধূ ফারিয়া মাহবুব পিয়াসার জামিন হয়েছে।
বুধবার ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন আসামির জামিনের এ আদেশ দেন। পিয়াসার স্বামী সাফাত আহমেদ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি।
এ দিন পিয়াসা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আইনজীবী নজরুল ইসলাম ও সানাউল ইসলাম টিপু আসামির জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত আসামির জামিনের ওই আদেশ দেন।
সানাউল ইসলাম টিপু যুগান্তরকে বলেন, গত ৫ মার্চ পিয়াসার বিরুদ্ধে মামলাটি করেন দিলদার আহমেদ। আদালত মামলাটি গুলশান থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ১ আগস্ট পিয়াসাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। আদালত তা আমলে নিয়ে ১১ ডিসেম্বর পিয়াসাকে হাজির হতে সমন জারি করেন। আদালতের আদেশে হাজির হয়ে আত্মসমর্পণ করে এ দিন তিনি জামিন আবেদন করেন।
মামলার অভিযোগে বলা হয়, পিয়াসা ২০১৫ সালের ১ জানুয়ারি দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদকে ফুঁসলিয়ে বিয়ে করেন। পরে তিনি (দিলদার আহমেদ) জানতে পারেন পিয়াসা মাদকাসক্ত এবং উশৃঙ্খল জীবন-যাপনে অভ্যস্ত। পরে সাফাত ২০১৭ সালের ৮ মার্চ পিয়াসাকে তালাক দেন। ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকার পর গত বছরের ২৯ নভেম্বর সাফাত জামিন পান।
এরপর পিয়াসা বাড়িতে এসে পরিবারের লোকজনের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। মাদকসেবী বন্ধুদের নিয়ে বাসায় আড্ডা দেন। এতে সাফাতের বাবা বাড়ি থেকে বের হয়ে যেতে বললে পিয়াসা তাতে অস্বীকৃতি জানান। গত ১০ ফেব্রুয়ারি দিলদার ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ৫ কোটি টাকা দাবি করেন পিয়াসা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd