সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় ঘরের ভেতর একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)।
নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবারের চারজনসহ তারা ছয়জন থাকতেন। মা কাল আত্মীয়ের বাড়িতে ছিলেন। তিনি (রায়হানুল) ছিলেন পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে তিনি বাচ্চাদের গোঙানির শব্দ শুনতে পান। তাৎক্ষণিক এগিয়ে গিয়ে দেখেন ঘরের বাইরে থেকে আটকানো। দরজা খুলে দেখা যায় বিভৎস দৃশ্য। এর কিছুক্ষণ পর বাচ্চারাও মারা যায়। তিনি বলেন, তাদের সাথে জমি নিয়ে পাশের কিছু লোকের বিরোধ ছিল। কিন্তু কারা এ ঘটনা ঘটালো তা বুঝতে পারছি না।
কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিজেদের ঘরের মধ্যে গৃহ প্রধান শাহিনুর রহমানসহ চারজনকে জবাই করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুরের পা বাঁধা ছিল এবং তাদের চিলে কোঠার দরজা খোলা ছিল।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ছাদের চিলে কোঠার দরজা দিয়ে হত্যাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd