সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে জনসমাগম ও সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও সিরাজগঞ্জের বেলকুচিতে পাঁচ হাজারেরও অধিক লোক নিয়ে জনসমাবেশ করেছেন সরকার দলীয় যুবলীগ নেতারা। তবে থানার ওসি ঘটনা জেনে সমাবেশে বাধা না দেয়ায় সমালোচনার মুখে পড়েছেন।
বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলামকে সে কারণেই রাতেই প্রত্যাহার করা হয়েছে। তাকে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা বেলকুচি উপজেলা সদরে স্বাস্থ্যবিধি না মেনে এমন জনসমাগম আতংকিত এবং ক্ষুব্দ করে তুলেছে এলাকাবাসীকে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলকুচি উপজেলার চালা বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ এনে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা যুবলীগ।
পুলিশী পাহাৱায় বেলকুচি পৌরসভার চালা বাসষ্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে সামাজিক দূরত্ব বজায় রাখা দূরের কথা গাদাগাদি করে অবস্থান করছিল অনেকে। অনেকের মুখে মাস্ক পরতেও দেখা যায়নি।
বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা বলেন, আমরা প্রথমে চালা এলাকায় মানববন্ধন করি। কিন্তু সাধারণ মানুষ আমাদের সাথে সংহতি প্রকাশ কৱায় লোক সংখ্যা বেড়ে প্রায় ৫/৬ হাজারে পৌঁছে। পরে পার্টি অফিসের সামনে আমরা সমাবেশ করি। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম নিউজনাউকে বলেন, এ ধরণের মানববন্ধন ও সমাবেশের বিষয়ে কোন অনুমোদন নেয়া হয়নি। থানার ওসিকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।
এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আনোয়ারুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক বলেন, করোনা মহামারির মধ্যে সব ধরণের মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সাজ্জাদুল হক রেজা মানববন্ধন সমাবেশ করে সংগঠন বিরোধী কার্যক্রম করেছে। জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল নিউজনাউকে বলেন, এটা দলীয় কোন প্রোগ্রাম ছিল না। এ কারণে বিষয়টি আমার জানা ছিল না।
জেলা আওয়ামী লীগেৱ সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, সাজ্জাদুল হক রেজা কতিপয় সন্ত্রাসীর মাধ্যমে স্থানীয় তাঁত শ্রমিক ও সাধারণ মানুষকে টাকায় ভাড়া করে এই জমায়েত করেছে। এভাবে কয়েক হাজার লোক সমবেত করায় পুরো বেলকুচি উপজেলা জুড়ে করোনা সংক্রমণের আশংকা দেখা দিয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. হাসিবুল আলম জানান বেলকুচিতে যুবলীগ মানববন্ধন করেছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা যাতে আইনশৃংখলার কোন অবনতি ঘটাতে না পারে সে জন্য পুলিশ পাহারায় ছিলো।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd