সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছায় পূজা পাল নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহসহ দেশের বিভিন্নস্থান থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ময়মনসিংহ : মুক্তাগাছায় পূজা পাল নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় শহরের মন্ডার দোকান সংলগ্ন বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পূজা পাল মুক্তাগাছার মিষ্টি ব্যবসায়ী রবীন্দ্রনাথ পালের মেয়ে। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র (এআইইউবি) প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
এলাকাবাসী জানায়, চার তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে হঠাৎ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পূজা পালকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
সাভার: ঢাকার ধামরাইয়ের বড় চন্দ্রাইল এলাকায় শাখা সড়কের পাশে একটি জলাশয় থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে বড় চন্দ্রাইল এলাকার একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাইরুল লস্কর জানান, ওই যুবক ট্রাউজার পরিহিত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় জানা যায়নি।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে আজিমুল হক(৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জমিতে ধান ক্ষেত দেখতে গিয়ে তিনি বজ্রপাতে মারা যান।
মৃত আজিমুল হক ওই উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের গরুরা গ্রামের আব্দুল হামিদুর রহমানের ছেলে।
কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মো. রাসেল (৩২) নামের এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের কাঞ্চন-উলুখোলা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাছেদ মিয়া। নিহত রাসেল উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের সোহরাব মিয়ার ছেলে। তিনি গ্রামীণফোনের স্থানীয় ওয়ারহাউজের কর্মচারী।
এসআই বাছেদ মিয়া জানান, উলুখোলা বাইপাস সড়ক হয়ে ফ্রেস সিমেন্টের একটি কাভার্ডভ্যান নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ওই রাস্তায় ইট ভর্তি একটি লড়ি দাঁড়ানো ছিল। ওই লড়িকে ওভারটেক করতে গিয়ে পথচারী রাসেলের ওপর তুলে দেয় এবং কাভার্ডভ্যানটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
ঝিনাইদহ : সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে লতাফত হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫জুন) সকাল ৮টার দিকে উপজেলার সুরাট ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু হয়েছে এমন একটি সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অপরদিকে, সদর উপজেলার বিষয়খালী নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাাক্কা লেগে চালক আশরাফ আলী (৫০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫জুন) ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি যশোরের বাঘাডাঙ্গা গ্রামের ইমরাত আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালু বোঝাই ট্রাকটি যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহের বিষয়খালী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক আশরাফ আলী নিহত হয়।
নাটোর : বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে জয় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার আহমেদপুর সৈয়দ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয় মৌখররা এলাকার হরিজন কলোনীর চন্দন কুমারের ছেলে।
আহত দুইজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি হয়েছে। ঝলমলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট : নগরের উপশহর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের মুখে রক্ত ছিল।
বৃহস্পতিবার দুপুরে শাহজালাল উপশহর বি-ব্লকের ১৮নম্বর রোডের ৩ নম্বর বাসার পেছন থেকে ইফজাল আহমদ (৩০) নামের কুরআনের হাফেজ ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ইফজাল আহমেদের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জানা যায়।
এ বিষয়ে শাহপরান (রহ.) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, শাহজালাল উপশহর এলাকা থেকে একটি মরদেহ পড়ে আছে শুনে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করেন।
চুয়াডাঙ্গা : জেলার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেফালি খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উজিরপুর গ্রামের সখেরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মরদেহ সদর হাসপাতাল থেকে নিজ বাড়িতে নেয়া হয়েছে। শেফালি খাতুন দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের সখেরপাড়ার মাজেদুল ইসলামে স্ত্রী।
দামুড়হুদা থানা পুলিশের ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরব উপজেলায় বিদ্যৃৎস্পৃষ্টে জীবন মিয়া (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভৈরব উপজেলা সদরের কালিপুরে গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত জীবন ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে কবুতরকে খাবার দিতে দু’তলা ভবনের ছাদে উঠেন জীবন। এ সময় অসাবধানতাবশত ছাদের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে ছিটকে মাটিতে পড়ে যান তিনি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃৃত ঘোষণা করেন।
ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
টাঙ্গাইল : জেলার ঘাটাইলে দা দিয়ে কুপিয়ে বৃদ্ধা দাদি আছিরন বেওয়াকে (৭৫) খুন করার অভিযোগ উঠেছে নাতি আবুল হোসেনের (৩২) বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।
ঘাতক নিহতের বড় ছেলে আব্দুল মজিদের ছেলে। তবে পরিবারের দাবি ঘাতক আবুল হোসেন (৩২) মানসিক ভারসাম্যহীন (পাগল)।
বৃদ্ধার ছেলে আব্দুর রহমান জানান, আমরা তিন ভাই। আমাদের মা আলাদা বাড়িতে থাকতেন। আবুল হোসেন আমার বড় ভাই আব্দুল মজিদের ছেলে। দীর্ঘদিন ধরে সে মাথার সমস্যায় ভুগছে।
সত্যতা নিশ্চিত করে রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক সরকার বলেন, ঘটনাস্থলে গিয়ে মানুষের সাথে কথা বলে যতদূর জানতে পারলাম ছেলেটা মাদকাসক্ত। এর আগে সে চারটি বিয়ে করেছিল, সব বউ তাকে ছেড়ে চলে গেছে।
এ প্রসঙ্গে উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.হেলাল উদ্দিন বলেন, তরকারি কাটার দা দিয়ে ঘাতক নাতি তার দাদিকে মাথায় দুটি কোপ দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাজীপুর : সহকর্মীর হাতে শাহীন (২৭) নামে এক পোশাককর্মী খুন হয়েছেন।বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কামারজুরি এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি গাইবান্দার পলাশবাড়ি উপজেলার সাতানা নওগাঁ গ্রামের মমতাজ মিয়ার ছেলে। তিনি কামারজুরি এলাকায় বিসমিল্লাহ সোয়েটার কারখানায় সাব কন্ট্রাকে কাজ করতেন।
গাছা থানা পুলিশের এসআই সজিব দেবনাথ জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে শাহীন ও তার সহকর্মী ওয়াজিদ মিয়া ওই সোয়েটার কারখানায় সাব কন্ট্রাকে কাজ করতো। বৃহস্পতিবার সকালে কারখানার বাইরে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে স্থানীয়রা বিষয়টি মিটমাট করে দেন।
দুপুর আড়াইটার দিকে কামারজুরি বালুর মাঠ এলাকায় তারা আবার ঝগড়ায় ও মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ওয়াজিদ তার হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে শাহীনের বুকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাহীন মারা যায়।
খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারী ওয়াজিদকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd