সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: করোনা পরীক্ষার জন্য কোনো ‘ফি’ দিতে হয়না। সরকারি নির্দেশ অনুযায়ী বিনা ‘ফি’ তেই প্রতিদিন নমুনা সংগ্রহের কাজ করছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল। বিনা ‘ফি’ তে শামসুদ্দিন হাসপাতালে এই সেবা গ্রহণ সবার জন্য উন্মুক্ত। কিন্তু একই হাসপাতাল থেকে রোগী প্রতি নমুনা পরীক্ষার জন্য ৫ হাজার টাকা করে দাবি করার অভিযোগ উঠেছে।
অভিযোগ করেছেন করোনা চিকিৎসায় নিয়োজিত সিলেটের বেসরকারি হাসপাতাল নর্থ-ইস্ট। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী শামসুদ্দিন হাসপাতালের উপর এমন অভিযোগ তুলে রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে ডা.শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, নর্থ-ইস্ট হাসপাতালে সম্পূর্ণ নিজ উদ্যোগে আলাদা ভবনে ২০ টি আইসিইউ বেডসহ করোনা ইউনিটে গত ২৯ মে থেকে করোনা ও সাস্পেক্টেট করোনা রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করা হয়। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগে ৫ জুন থেকে আনুষ্টানিকভাবে হাসপাতালের পক্ষ থেকে তথ্য সরবরাহ করা হচ্ছে।
ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, বিভাগীয় করোনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা হাসপাতালটি করোনায় আক্রান্ত রোগীদের জন্য ছেড়ে দিতে রাজি হই। তিনি বলেন, হাসপাতালের ৯ শত ৬০ জন স্টাফসহ আনুসাঙ্গিক খরচ বাবদ প্রতি মাসে ৪ কোটি টাকা খরচ রয়েছে। কিন্তু করোনা চিকিৎসার প্রয়োজনে দায়িত্বরতদের আলাদাভাবে আবাসন দরকার। সেখানে মাসিক খরচ দাঁড়াবে প্রায় ৭ কোটি টাকা। এই বিষয়টি নিয়েও সরকারের দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এরপর সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের আর কোনো সিদ্বান্ত জানানো হয়নি।
তিনি বলেন, পরবর্তীতে সিলেটের করোনা পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে নিজস্ব উদ্যোগেই হাসপাতালে করোনা চিকিৎসার সিদ্বান্ত গ্রহণ করা হয়। করোনা ইউনিট চালু, ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি এবং অক্সিজেন বাবদ যে খরচ হচ্ছে প্রতিদিন তা বলা বাহুল্য। তিনি বলেন, সব বিবেচনায় রোগীদের পক্ষ থেকেই এই ব্যয়ভার গ্রহণ করতে হয়।
এদিকে, নর্থ-ইস্ট হাসপাতালের অভিযোগ বিষয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুশান্ত মহাপাত্র বলেন, আমি বিষয়টি শুনেছি। এখনও এ বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি। তবে, সরকার বিনা ফি’ তে করোনার নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন। যদি নমুনা সংগ্রহের জন্য কেউ টাকা দাবি করে-তা অবশ্যই অনৈতিক। এ বিষয়ে তদন্ত করার মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন তিনি।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান নর্থ-ইস্ট হাসপাতালের অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তের জন্য সিলেটের সিভিল সার্জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ফোনে বিষয়টি জানিয়েছেন। তিনি সিলেটের সিভিল সার্জনের কার্যালয়ের কেউ এ বিষয়ে জড়িত কিনা-তদন্ত করতে বলেছেন।
উল্লেখ্য, দক্ষিণ সুরমায় অবস্থিত নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৩দিনে মারা গেছেন ২৩ জন। এদের মধ্যে করোনা পজিটিভ রয়েছেন চারজন। আর করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯জন। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।
রোববার (২১ জুন) পর্যন্ত এ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এবং কভিড পজিটিভ হয়ে ২০১ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে কভিড পজেটিভ রোগী হচ্ছেন ১১ জন। চিকিৎসা গ্রহণ করে ছাড়পত্র নিয়েছেন ১২০ জন।বর্তমানে (২১ জুন পর্যন্ত) ভর্তি আছেন ৫৮ জন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd