সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাস এখন বৈশ্বিক সমস্যা এবং তা মোকাবিলায় সব দেশের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বুধবার (১৭ জুন) বাংলাদেশে সফররত চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে সিলেটের চিকিৎসকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় উদ্বোধনী বক্তৃতায় এসব বলেন তিনি। একইদিন চট্টগ্রামের চিকিৎসকদের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সংযুক্ত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও চীন করোনা মোকাবিলায় পারস্পরিক সাহায্য অব্যাহত রেখেছে। বাংলাদেশে সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপকৃত হচ্ছেন।
মন্ত্রী বলেন, চীনের উহান প্রদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সারা বিশ্ব অত্যন্ত কঠিন সময় পার করছে। চীন সর্বপ্রথম করোনাভাইরাসের ভয়াবহতার শিকার হয়। করোনার ভয়াবহতা মোকাবিলায় চীনের সফলতা সারাবিশ্বে রোল মডেল হিসেবে কাজ করবে। চীন করোনা মোকাবিলায় জরুরি হাসপাতাল নির্মাণ, কঠোরভাবে কোয়ারেন্টিন মেনে চলাসহ দ্রুত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে উদাহরণ সৃষ্টি করেছে।
চীন সরকার এবং সেদেশের বেসরকারি সংস্থা আলিবাবা এবং জ্যাকমা ফাউন্ডেশনকে বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ সহযোগিতাকে বাংলাদেশের প্রতি চীনের জনগণ ও সরকারের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উল্লেখ করেন।
এ সময় আবদুল মোমেন করোনা পরিস্থিতিতে উহান প্রদেশসহ চীনের বিভিন্ন অংশে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রদের সহযোগিতার জন্য চীন সরকার ও সে দেশের জনগণকে ধন্যবাদ জানান।
বাংলাদেশকে কারোনা চিকিৎসায় সহযোগিতার জন্য চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ৮ জুন থেকে ঢাকায় এসেছে। তারা ২২ জুন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd