সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সঙ্গে লেগে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালীর খন্ডা কাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, ভোরে খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা একটি বন্যহাতি বৈদ্যুতিক তারের সংযোগ লাইনের স্পর্শে গিয়ে মারা গেছে।
এসময় বৈদ্যুতিক তারের সঙ্গে হাতির শুঁড় আটকে যায়। বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে গেলে ভোরবেলা এসে তারা এ দৃশ্য দেখতে পায়। ভোর হতে শত শত নারী-পুরুষ হাতিটি দেখার জন্য ভিড় জমায়।
বন্যপ্রাণী গবেষক শীতল কুমার নাথ ঘটনাস্থল থেকে বলেন, খাদ্যের অন্বেষণে এসে ৪৫ থেকে ৫০ বছর বয়সী হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। অপরিকল্পিত বিদ্যুৎ লাইনের কারণে হাতির মৃত্যু বলে তিনি জানান। এছাড়া হাতিটির শরীরে অসুস্থতা কিংবা অন্য কোনো ধরনের আঘাতের চিহ্ন ছিল না।
টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটি মারা গেছে। হাতিটির মাথার ওপরের দিকে একটি ক্ষতচিহ্ন ছাড়া শরীরের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই।
তিনি বলেন, এটা এক ধরনের হত্যাকাণ্ড। কারণ পাহাড়ি এলাকায় হাতি চলাচলের রাস্তায় এত নীচু দিয়ে বৈদ্যুতিক লাইনের তার টানা হয়েছে হাতি কেন যে কেউ এতে মারা পড়তে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান আশিক আহমদ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd