গোয়াইনঘাট প্রতিনিধি :: করোনাভাইরাস প্রতিরোধে নিজেরাই মহল্লাকে লকডাউন করেছেন এলাকাবাসী।সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পর্যটন খ্যাত রাতারগুল সোয়াম্প ফরেস্ট সংলগ্ন মহিষখেড় গ্রামের যুবকরা মিলে এ উদ্যোগ গ্রহণ করেছেন।
পাশাপাশি মহল্লার মসজিদ, মক্তবসহ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করছেন তারা। সোমবার (৬ এপ্রিল) সন্ধা থেকে মহল্লার প্রবেশ পথ বন্ধ করে বাইরের লোকদের প্রবেশ বন্ধ করে দেন তারা। তারা নিজেরাও খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাজারে বের হলে ফেরার পথে মহল্লার প্রবেশমুখেই সারা শরীরে জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে ভিতরে প্রবেশের নিয়ম চালু করছেন তারা।মহিষখেড় এলাকার ব্যাংক কর্মকর্তা রুহুল আমীন রুহেল বলেন গ্রামের যুবকরা নিজ মহল্লাকে নিরাপদ রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফতেপুর ইউনিয়নবাসী। ইউনিয়নের অন্যান্য মহল্লায়ও এ ধরনের উদ্যোগ গ্রহণ করার কথা ভাবছেন তারা।