সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : এক-দু’টি নয়, সেনাবাহিনীর ১৫টি টিম চষে বেড়াচ্ছে পুরো সিলেট জেলা। সিলেটে আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টায় সেনাবাহিনী মাঠে নামলেও তাদের টহল জোরদার করার লক্ষ্যে বিকেল ৩টায় মোট ১৫টি টিম বের হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে সিলেটের সব এলাকায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে প্রশাসনকে সহায়তা প্রদানে গতকাল থেকে সিলেটে মাঠে রয়েছে সেনাবাহিনী।
আজ সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (মিডিয়া) মো. মেজবাহ উদ্দিন জানিয়েছেন, সকাল ৮টা থেকেই মাঠে বেরিয়েছে সশস্ত্র বাহিনী। নগরসহ সিলেট জেলার সব উপজেলায় রাত পর্যন্ত সশস্ত্র এই বাহিনীর একাধিক টিম টহল দেবে।
এদিকে, বিকেল ৩ টা থেকে তাদের পুরো ১৫টি টিম মাঠে কাজ করছে। টিমগুলো ভাগ হয়ে টহল দিচ্ছে সিলেট জেলার প্রতিটি উপজেলায়। টহলকালে সেনাবাহিনী হ্যান্ড মাইক দিয়ে সিলেটবাসীকে কোনো ধরণের গুজবে কান না দিয়ে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি আতঙ্কিত না হওয়ার এবং সচেতন ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শও দিচ্ছেন তারা।
উল্লেখ্য, বিশ্বব্যাপী মরণঘাতী করোনাভাইরাসের প্রতিষেধক নিয়ে সিলেটসহ পুরো দেশে নতুন এক গুজব ছড়িয়ে পড়েছে। ‘লং, সাদা এলাচ আর আদা পানিতে সিদ্ধ করে খেলে করোনাভাইরাসে আক্রান্ত হবে না’ এমন গুজবটি গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ছড়িয়ে পড়ে দেশের প্রায় প্রতি জেলায়।
এছাড়াও বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সিলেট বিভাগের কয়েকটি এলাকায় ‘করোনাভাইরাসের কারণে ভূমিকম্প হচ্ছে’ এমন গুজব রটানো হয়। এমন গুজবে বিভ্রান্ত হয়ে সিলেটের বিভিন্ন স্থানে রাত ১০টার পর থেকে রাত ১টা পর্যন্ত আজান দিতে থাকেন স্থানীয়রা। তারপরই শুরু হয় আল্লাহু আকবার ধ্বনিতে মিছিল। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরাও উলুধ্বনির সাথে কীর্তন করতে শুরু করেন।
এসব প্রতিরোধেও সিলেটে মাঠে নেমেছে সেনাবাহিনী। কোথাও এমন কর্মকাণ্ড হতে দেখলে এর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে তারা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd