সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালায় ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে প্রিয়া চাকমা নামে এক কলেজছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১ মার্চ) সকালের দিকে দীঘিনালার খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রিয়া চাকমা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন। তিনি দীঘিনালার খামারপাড়ার জীবিকাময় চাকমা মেয়ে। চলতি বছর তার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। এ ঘটনার ফলে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে প্রিয় মুখ প্রিয়া চাকমার আর পরীক্ষা দেয়া হলো না।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলের দিকে কলেজ থেকে ফেরার পথে মাইনি ব্রিজ এলাকায় এলে তার সহপাঠী সুমন্ত চাকমা, জয়েশ চাকমা ও অরবিল চাকমা প্রিয়া চাকমার পথ আটকে তাকে উত্যক্ত করে। এক পর্যায়ে প্রিয়া চাকমা দৌঁড়ে নিজেকে রক্ষা করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে রোববার (১ মার্চ) সকালের দিকে দীঘিনালার খামারপাড়ার বাড়ির সামনে আম গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
এদিকে প্রিয়া চাকমার আত্মহত্যার খবর কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা ওই তিন ইভটিজারকে মারধর করে। পরে পুলিশ ওই তিন ইভটিজারকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে প্রিয়া চাকমা আম গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিন ইভটিজারকে আটক করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd