সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯
গোয়াইনঘাট উপজেলা সদরে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, গোয়াইনঘাট প্রেসক্লাব বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার গোয়াইনঘাট বাইপাস হিউম্যান হুলার ১৩২৬ শাখা এবং ৭০৭ শাখার নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ‘গোয়াইঘাটে ব্যাটারিচালিত অবৈধ ইজি বাইক চলাচল করছে দেদারসে। অপ্রাপ্তবয়স্ক, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক দ্বারা এসব যান চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত ২৩ জুন জাফলং রাধানগর সড়কের ভিত্রিখেল নামক স্থানে ব্যাটারিচালিত ইজি বাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন ছাত্রী মারাত্মক আহত হয়। এছাড়াও প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন স্থানে দুর্ঘনার কবলে পড়তে হচ্ছে যাত্রীদের।’
‘গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও গোয়াইনঘাট থানা পুলিশ এসব অদক্ষ চালক ও অবৈধ ইজিবাইক বন্ধে একাধিকবার অভিযান পরিচালনা করলেও আসেনি কোন সফলতা। বরং প্রতিনিয়িত উপজেলা সদর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ছোট ছোট রাস্তা কিংবা গ্রামের মেঠোপথ দিয়ে লাগামহীনভাবে পরিচালিত হচ্ছে ইজিবাইক। গোটা উপজেলায় কয়েক হাজার ব্যাটারিচালিত গাড়ি প্রতিদিন চোরাই বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চার্জ দেওয়া হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে উপজেলায়। চোরাই বিদ্যুৎ সংযোগের কারণে প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। মাঝে মধ্যে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান করলেও কোন প্রতিকার হচ্ছে না।’
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, সরকার ঘোষিত অবৈধ সকল ইজিবাইক বন্ধ না হলে আগামীকাল শুক্রবার সকাল থেকে সকল প্রকার বৈধ যান চলাচল বন্ধ থাকবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হিউম্যান হুলার ১৩২৬ গোয়াইনঘাট শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গনেছ চৌধুরী, মঈনুল ইসলাম, ৭০৭ গোয়াইনঘাট বাইপাস শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd