সিলেট | |
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬
বিশেষ প্রতিনিধি :: সিলেটের তামাবিল স্থলবন্দরের কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জালাল উদ্দীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কিন্তু রহস্যজনকভাবে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। উল্টো কোনো বাধা ছাড়াই প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ানো এবং তামাবিল স্থলবন্দরে লুটপাট অব্যাহত রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্র ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা গেছে, জালাল উদ্দীনকে আইনের আওতায় না আনার পেছনে কাজ করছে স্থানীয় বিএনপির একটি প্রভাবশালী সিন্ডিকেট। তাদের ছত্রছায়ায় ও ইন্দনে পরোয়ানাভুক্ত এই আসামি ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটের সঙ্গে আর্থিক লেনদেন ও আঁতাতের মাধ্যমে জালাল উদ্দীন তামাবিল স্থলবন্দরে নিজের আধিপত্য বজায় রেখে আগের মতোই লুটপাট ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা আত্মগোপনে গেলেও, প্রভাবশালী স্থানীয় বিএনপির এই সিন্ডিকেটের আশ্রয়ে জালাল উদ্দীন বহাল তবিয়তে রয়েছেন। এতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বিএনপির ত্যাগী ও সাধারণ নেতাকর্মীরা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির এক জ্যেষ্ঠ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “জুলাই আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জালাল উদ্দীনের নাম রয়েছে। তার নামে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও কীভাবে সে প্রকাশ্যে ঘোরে? দলের নাম ভাঙিয়ে একটি স্বার্থান্বেষী সিন্ডিকেট তাকে প্রমোট করছে, যা দল এবং জুলাই বিপ্লবের চেতনার জন্য অত্যন্ত লজ্জাজনক।”
এ নিয়ে সাধারণ জনগণের মাঝেও দেখা দিয়েছে প্রচণ্ড মিশ্র প্রতিক্রিয়া। জালাল উদ্দীনের বিরুদ্ধে তামাবিল স্থলবন্দর থেকে কোটি কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও সিন্ডিকেট তৈরির পুরোনো অভিযোগ রয়েছে। সাবেক সরকার পতনের পরও তার এই সাম্রাজ্য অক্ষত থাকা এবং পুলিশি নিষ্ক্রিয়তায় প্রশাসনের ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা এবং বিতর্কিত সিন্ডিকেটের অপতৎপরতা অবিলম্বে বন্ধ করে জালাল উদ্দীনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সংক্ষুব্ধ ছাত্র-জনতা ও সাধারণ বিএনপি নেতাকর্মীরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd