সিলেট | |
প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরের কাজিরবাজার সেলফি ব্রিজ এলাকায় ফুটবল খেলা শেষে ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত কিশোর রিফাত আহমদ (১৫) হত্যা মামলার অন্যতম আসামি সয়েদ আহমদ সাজু (১৭)-কে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাজু সিলেটের গোয়াইনঘাট উপজেলার কুরিখলা গ্রামের বাসিন্দা ফখরুদ্দীনের ছেলে।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত (২৭ জুলাই) সন্ধ্যায় খাসদবির এলাকার বাসিন্দা ও দ্বীপ শিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রিফাত আহমদ বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে বাড়ি ফিরছিল। কাজিরবাজার সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায় এবং বুকে-পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিফাত নগরের খাসদবির দারুস সালাম মাদরাসা সংলগ্ন ‘বন্ধন জি-৩’ বাসার বাসিন্দা মিসবাহ উদ্দিনের ছেলে।
এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রিফাতের মা ডলি বেগম বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৪০)। মামলা দায়েরের পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুর থেকে অভিযুক্ত সাজুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
রবিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এসএম মাঈনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সুহেদ আহমদ সাজু মামলার ৩নং আসামি। রিফাত হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd