শাহজালাল (র.) মাজারে মানতের খাসি নিয়ে অনিয়ম

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৬

শাহজালাল (র.) মাজারে মানতের খাসি নিয়ে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক :: হযরত শাহজালাল (র.) মাজারে ভক্তদের দেওয়া মানতের খাসি বণ্টন ও নিলাম প্রক্রিয়ায় চরম অনিয়ম ও অব্যবস্থাপনার তথ্য পাওয়া গেছে। ৩ দিনে ২২টি খাসি মানত পাওয়া গেলেও লঙ্গরখানায় তার অর্ধেক হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, পরবর্তী দিনে প্রাপ্ত খাসির সিংহভাগই লঙ্গরখানা বা নির্ধারিত প্রক্রিয়ায় না রেখে রহস্যজনকভাবে খাদেমের ব্যক্তিগত বাসভবনে নিয়ে যাওয়ার খবর মিলেছে।

মাজার সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে রবিবার—এই ৩ দিনে ভক্তদের মানত করা মোট ২২টি খাসি জমা পড়ে। তবে এর মধ্যে মাত্র ১১টি খাসি লঙ্গরখানার দায়িত্বে হস্তান্তর করা হয়। হস্তান্তর করা ১১টি খাসির মধ্যে ৪টি জবাই করে মেহমান ও দুস্থদের (মিসকিনদের) মাঝে বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ৭টি খাসি বর্তমানে ‘ছাগল ঘরে’ রাখা রয়েছে।
এ বিষয়ে সেখানে দায়িত্বরত একজন কর্মীর কাছে জানতে চাওয়া হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বাকি খাসিগুলো রাখা হয়েছে। মাজার কর্তৃপক্ষ এগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন, তা তারাই ভালো জানেন।”
ঘটনার পর পর সোমবার মাজারে আরও ৮টি মানতের খাসি জমা হয়। তবে এবার বিতরণ বা লঙ্গরখানায় দেওয়ার পরিবর্তে সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট একটি খাসি রেখে বাকি ৭টি খাসি সরাসরি খাদেমের বাসায় নিয়ে যাওয়া হয়। এমনকি খাসিগুলো নিচে না রেখে লিফটে করে ভবনের ছাদে উঠানো হয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ভক্তদের মধ্যে গুঞ্জন উঠেছে, সোমবার রাতেই খাসিগুলো নিয়ম অনুযায়ী নিলামে তোলার কথা ছিল। তবে কোনো অজ্ঞাত কারণে রাতের নিলাম স্থগিত রাখা হয়।
মাজার কর্তৃপক্ষের এক সূত্র জানিয়েছে, সোমবার রাতের পরিবর্তে মঙ্গলবার সকালে খাসিগুলোর উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে। তবে মানতের খাসি লঙ্গরখানা ও দরগাহের নিয়মে ব্যবহার না করে খাদেমের বাসায় নিয়ে যাওয়া এবং রাতে নিলাম না করার নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে সচেতন মহলে চরম ধোঁয়াশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..