সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কানাইঘাট উপজেলায় তানজিলা আক্তার (২৪) নামে এক গৃহবধূ গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি লক্ষীপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে বাবলু মিয়া খানের সঙ্গে প্রায় তিন বছর আগে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের আব্দুল মতিনের মেয়ে তানজিলা আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দেড় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২ মার্চ সকাল ৬টার দিকে বাবলু মিয়া বাড়ির পাশের সবজি বাগানে কাজ করতে যান। কিছু সময় পর তিনি বাড়িতে ফিরে এসে দেখেন তার স্ত্রী তানজিলা আক্তার ঘরে নেই। তবে তাদের শিশু কন্যা ঘরেই ছিল। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে শ্বশুর-শাশুড়িকে অবহিত করেন।
পরে উভয় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে তানজিলা আক্তারের মা কানাইঘাট থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে তানজিলার স্বামী বাবলু মিয়া জানান, তার অনুপস্থিতিতে তানজিলা আক্তার এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি জানার পর পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এদিকে তানজিলা আক্তারের সন্ধান না মেলায় দুই পরিবারই উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd