সিলেটে নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণা: চক্রের অন্যতম সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬

সিলেটে নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণা: চক্রের অন্যতম সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর ও আশপাশ এলাকায় পিতল বা ইমিটেশনের বারকে আসল স্বর্ণ দেখিয়ে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের অন্যতম সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে নগরের কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আমির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৪৭)। তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে এবং বর্তমানে দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, এই চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে রিকশাচালক সেজে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত। তাদের প্রতারণার ধাপগুলো হচ্ছে, চক্রের সদস্য রিকশাচালক সেজে রাস্তায় কোনো এক জায়গায় কাগজে মোড়ানো ‘নকল স্বর্ণের বার’ (যা মূলত পিতল বা ইমিটেশন) কুড়িয়ে পাওয়ার ভান করত।
এরপর রিকশার যাত্রীকে সেটি দেখিয়ে কাগজে কী লেখা আছে তা পড়তে বলত। কাগজে স্বর্ণ সম্পর্কিত এমনভাবে তথ্য লেখা থাকত যা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হতো।
একই সময়ে চক্রের অন্য সদস্যরা সাধারণ পথচারী বা ক্রেতা সেজে সেখানে উপস্থিত হয়ে বারটির উচ্চ মূল্য হাঁকাত।
বাজারদরের চেয়ে অনেক কম দামে এটি বিক্রির প্রলোভন দেখিয়ে নিরীহ যাত্রীদের কাছে সেটি গছিয়ে দিয়ে টাকা হাতিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ত।

পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেফতারকৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অপরিচিত কারো কাছ থেকে রাস্তায় কুড়িয়ে পাওয়া কোনো বস্তু বা প্রলোভনে পড়ে মূল্যবান কিছু কেনা থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছে পুলিশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..