সিলেট ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ট্রাফিক পুলিশ কর্তৃক জব্দ করা (রেকারকৃত) মোটরসাইকেল ড্রাম্পিং স্টেশনে না নিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগে এক রেকার ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম লিটন মিয়া (২২)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মাহমুদপুর গ্রামের মোঃ সাহাব উদ্দিনের ছেলে এবং বর্তমানে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ বিকেলে আম্বরখানা পয়েন্টে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্ট মোঃ আলম সঠিক কাগজপত্র না থাকায় একটি মোটরসাইকেল (রেজি: সিলেট-হ-১৫-৮৫০৯) জব্দ করেন। নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি ড্রাম্পিং স্টেশনে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় রেকার ড্রাইভার লিটন মিয়াকে। কিন্তু লিটন সেটি নির্ধারিত স্থানে না নিয়ে অসৎ উদ্দেশ্যে অন্যত্র সরিয়ে ফেলেন।
মোটরসাইকেলটি যথাসময়ে গন্তব্যে না পৌঁছালে পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান শুরু হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে আত্মসাৎকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং শনিবার (৭ মার্চ) কোতোয়ালী মডেল থানাধীন মেন্দিবাগ পয়েন্ট থেকে লিটন মিয়াকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “অভিযুক্তের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৩৮১/৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”
সিলেট নগরীর ট্রাফিক শৃঙ্খলা এবং পুলিশের স্বচ্ছতা বজায় রাখতে এ ধরণের অপরাধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানিয়েছে এসএমপি কর্তৃপক্ষ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd