সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৬
জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর :: জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পৃথক দুইটি অভিযানে অবৈধভাবে বালু পাচারকালে চারটি ট্রাক জব্দ করা হয়েছে।
শুক্রবার (৬ই মার্চ) রাত আনুমানিক ১২ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত রুপচেং গরুরঘাট এলাকায় বালু বহনকালে তিনটি এইস পিক-আপ আটক করা হয়েছে।
এ সময় অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। পরে বালু ঘাট সংলগ্ন সাইটে আরো একটি চালকবিহীন ট্রাক পাওয়া গেলে তার চাকার বাতাস ছেড়ে দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আনসার সদস্যদের পাহারায় ট্রাকগুলোকে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়।
একই দিন গভীর রাতে সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব এর নেতৃত্বে উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকায় আরো একটি ১০ চাকার বালুনাহী ট্রাক আটক করা হয়। এ সময় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম অভিযানে অংশ নেয়। পরে আটক করা বালুবাহী ট্রাকটি উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়।
পৃথক দুই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি জানান অবৈধভাবে বালু পাথর উত্তোলন ও পাচার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় মোট ৭ টি বালুবাহী ছোটবড় ট্রাক, একটি ফেলুডার ও ২৫ স্তুপ বালু জব্দ করা হয়েছে। জব্দ করা ট্রাকগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এর পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd