সুনামগঞ্জে ইয়াবা ও কয়লা চুরি নিয়ে প্রতিবাদ: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা, রুহুলের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৬

সুনামগঞ্জে ইয়াবা ও কয়লা চুরি নিয়ে প্রতিবাদ: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা, রুহুলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :: সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা কারবার ও কিশোর গ্যাংয়ের মাধ্যমে কয়লা চুরির প্রতিবাদ করায় সিরাজুল ইসলাম নামে এক কয়লা ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ইয়াবা ডিলার রুহুল আমিনসহ ৯ জনের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও এলাকায়।

আহত ব্যবসায়ী সিরাজুল ইসলাম চারাগাঁও স্থল শুল্ক স্টেশনের একজন কয়লা ব্যবসায়ী। স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, রোববার দুপুরে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে সমিতির সামনের সড়কে রুহুল আমিন ও তার সহযোগীরা সিরাজুলের পথরোধ করে। এসময় রুহুল আমিন তাকে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে রুবেলের নেতৃত্বে রাজুসহ অজ্ঞাত ৫-৬ জন লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এলাকাবাসী ও ব্যবসায়ীদের অভিযোগ, পেশাদার ইয়াবা কারবারি রুহুল আমিন অতীতে চুরির অভিযোগে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সে এলাকায় ফিরে আসে। এরপর রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে নিজের প্রভাব তৈরি করে।

অভিযোগ রয়েছে, বর্তমানে সে কিশোর গ্যাং ব্যবহার করে চারাগাঁও স্থল শুল্ক স্টেশনের বিভিন্ন ডিপো থেকে রাতের আঁধারে কয়লা চুরি এবং সীমান্ত দিয়ে চোরাচালান ও ইয়াবা ব্যবসার বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছে। সিরাজুলসহ স্থানীয় ব্যবসায়ীরা এই অপকর্মের প্রতিবাদ করায় রুহুল ও তার চক্র ক্ষিপ্ত ছিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান অভিযুক্ত রুহুল আমিন জানান, সিরাজুলের সাথে তার পূর্ববিরোধ ছিল। তবে অতীতে কয়লা চুরি বা বর্তমানে তার বিরুদ্ধে আনা ইয়াবা কারবার ও গ্যাং পরিচালনার অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “কয়লা ব্যবসায়ী সিরাজুলকে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..