সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৫ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট সদর উপজেলার চেঙ্গেরখাল নদীর পাড় ঘেঁষে চলছে অবাধে অবৈধ বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, রাত নামলেই অসাধু চক্র কৌশলে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যার ফলে নদীর পাড় ভেঙে পড়ার ঝুঁকি ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে এলাকার কয়েক হাজার মানুষের জানমাল রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় সংসদ সদস্যের কাছে আবেদন জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
সম্প্রতি সিলেট-১ আসনের সংসদ সদস্য বরাবরে পাঠানো এক লিখিত আবেদনে এই ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেছেন নীলগাঁও এলাকার বাসিন্দা আব্দুল জলিল। আবেদনকারী জানান, বাদাঘাট এলাকায় নদীর দক্ষিণ পার বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অথচ সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে একটি চক্র রাতের আঁধারে নদী থেকে বালু তুলে নিচ্ছে।
আবেদনপত্রে আব্দুল জলিল উল্লেখ করেন, ‘সরকারি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০২৪’ খসড়া আইন অনুযায়ী, লোকালয় বা বসতবাড়ির ১ কিলোমিটারের মধ্যে নদী থেকে বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্তু অসাধু চক্রটি স্থানীয় প্রশাসনের চোখের সামনেই এই আইন লঙ্ঘন করছে। রাতে অত্যন্ত গোপনে বালু উত্তোলনের কারণে নদীর পাড় ধসে পড়ার উপক্রম হয়েছে, যা স্থানীয় কয়েক হাজার মানুষের বসতভিটা ও ফসলি জমির জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জনপ্রতিনিধিরা। কিন্তু অবৈধ বালু উত্তোলনের কারণে নদী ভাঙন এখন ভয়াবহ রূপ নিচ্ছে। আমাদের ভিটেমাটি রক্ষার আর কোনো উপায় নেই।”
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করছেন, দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না গেলে বাদাঘাট এলাকার জনবসতি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এলাকাবাসী বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd