সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ক্রাইম সিলেট ডেস্ক :: বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক ব্যতিক্রমী ও প্রতীকী ঘটনার সাক্ষী হলো জাতীয় সংসদ। প্রথাগত আনুষ্ঠানিক পোশাক কিংবা স্যুট-পাঞ্জাবির রীতি ভেঙে নিজের চিরচেনা সেই ‘ঐতিহাসিক’ জার্সি পরেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ৱসংসদ সচিবালয়ের শপথকক্ষে দ্বিতীয় ধাপে শপথ নেন হাসনাত আবদুল্লাহ। সিইসি এ এম এম নাসির উদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। বেলা সাড়ে ১১টার দিকে যখন তিনি সংসদ ভবনে প্রবেশ করেন, তখন সবার নজর কেড়েছিল তাঁর পরনের সবুজ রঙের জার্সিটি।
জার্সিটির সামনের অংশে তাঁর বিভাগের নাম এবং বাম দিকের ওপরের অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো স্পষ্ট ছিল। জার্সির পেছনে লেখা ছিল তাঁর নাম ‘হাসনাত’ এবং ১০ নম্বর জার্সি নম্বর। মূলত ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় এই জার্সিটি পরে টানা আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি, যা বর্তমানে বিপ্লবের এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে।
বিপ্লবের জার্সি থেকে সংসদ ভবন: হাসনাত আবদুল্লাহর এই টি-শার্ট পরা কেবল শখ নয়, বরং এটি একটি দীর্ঘ সংগ্রামের ইতিহাসের সাক্ষী। জুলাই গণ-অভ্যুত্থান: ২০২৪ সালের আন্দোলনের পুরো সময় এই জার্সিটি ছিল তাঁর নিত্যসঙ্গী। আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি এই সাধারণ টি-শার্ট ও জিন্স পরে উপস্থিত হয়েছিলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাঁকে এই পোশাকেই দেখা গিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ক্ষমতার কেন্দ্রে বসেও রাজপথের সংগ্রামের স্মৃতি এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার বার্তা দিতেই হাসনাত এই পোশাক বেছে নিয়েছেন।
এদিন দ্বিতীয় ধাপে হাসনাত আবদুল্লাহর পাশাপাশি জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরাও শপথ নেন। এর আগে প্রথম ধাপে বেলা পৌনে ১১টায় বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছিলেন।
শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে। বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন তারেক রহমান। একই সাথে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন।
সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিতে হাসনাত আবদুল্লাহর এই ব্যতিক্রমী উপস্থিতি নতুন প্রজন্মের রাজনীতির এক ভিন্নধর্মী চিত্র ফুটে তুলেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd