সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ক্রাইম সিলেট ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। একই দিন বিকেলে নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এ শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্রে সময়ের কন্ঠস্বরকে এ তথ্য নিশ্চিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রায় দুই দশক পর আবারও সরকার গঠনের পথে দলটি।
নির্বাচনের ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এ ছাড়া বিএনপির শরিকরা পেয়েছে তিনটি আসন। সব মিলিয়ে বিএনপি ও তার মিত্রদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২।
অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শরিকরা পেয়েছে ৯টি আসন। ফলে জামায়াত ও তাদের মিত্রদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৭৭।
ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও নতুন মন্ত্রিসভার সদস্য তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। নতুন মন্ত্রিসভার শপথের আয়োজন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd