সিলেট | |
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর শিববাড়ি এলাকার সিলভার ভিলেজে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় মাদকসেবীদের হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- স্থানীয় শুকুর আলীর ছেলে মুন্না (১৯), তার মা সুলতানা বেগম (৩৮), বোন মোহনা (১৬) ও ভাই স্বাধীন (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যার পর শুকুর আলী তার ছেলে মুন্নাকে সিলভার ভিলেজ রেললাইনের পাশে নিরাপত্তাকর্মীর দায়িত্বে রেখে অন্যত্র চলে যান। এ সময় কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য সেখানে প্রবেশ করে প্রকাশ্যে মাদক সেবন করতে থাকেন। মুন্না তাদের মাদক সেবনে বাধা দিয়ে সেখান থেকে চলে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে মুন্নাকে মারধর শুরু করে।
মুন্নার ওপর হামলার খবর পেয়ে তার মা ও ভাই-বোন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। এতে মুন্নাসহ পরিবারের চার সদস্য আহত হন। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় মুন্নার মা সুলতানা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের সিলভার ভিলেজ এলাকা বর্তমানে মাদকের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে। সেখানে মাদক বেচাকেনা, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি পুলিশের এক আত্মীয়ও ওই এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, শত শত পরিবারের বসবাসের এ এলাকা দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।
প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, স্থানীয় হাজির আলী খানের ছেলে ছয়ফুর রহমান লিটনের নেতৃত্বে ওই এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, “লিখিত অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd