সিলেট | |
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকায় ব্যবসায়িক বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর ‘কামরুল ইসলাম’ হত্যা মামলার এজাহারনামীয় ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (০৫ আগস্ট) রাত আনুমানিক ৩:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, সিলেটের একটি আভিযানিক দল সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আবুল হোসেন (৫৪), মাহমুদুল ইসলামের ছেলে আফাজ উদ্দিন (৩৪), জৈন উদ্দিনের ছেলে আজিমুল রহমান (৩২), মৃত আব্দুল মান্নানের ছেলে মজনু ইসলাম (৪০)।
র্যাব জানায়, নিহত বিকট কামরুল ইসলাম সিলেটের গোয়াইনঘাট থানা এলাকার লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ১ নং আসামি আবুল হোসেনের সাথে তার ব্যবসায়িক বিরোধ চলছিল। গত মে মাসে ব্যবসায়িক জের ধরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই ধারাবহিকতায় গত ২২ মে ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১২:৪০ ঘটিকায় ভিকটিম নিজ বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।
হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কামরুল ইসলামকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেল ১৬:৫০ ঘটিকায় কামরুল ইসলাম মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের পরিবার গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৬, তারিখ: ২৩/০৫/২০২৬) দায়ের করে। মামলা দায়েরের পর র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাব-৯-এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd