সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং আলীরগাঁও ইউনিয়নের পূর্ণনগর গ্রামের বাসিন্দা ও উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ তার এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া “মিথ্যা মামলা ও কুচক্রী মহলের অপপ্রচারের” প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (১১ মার্চ) সিলেট অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুক আহমদ অভিযোগ করেন, স্থানীয় একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কতিপয় অনলাইন পোর্টালে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করছে।
ফারুক আহমদ দাবি করেন, গোয়াইনঘাট ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান সুজন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমানের নেতৃত্বে একটি চক্র ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাদের ছবি এডিট করে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিচ্ছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অভিযুক্তরা বিগত ১৫-১৬ বছর ধরে সরকারি প্রভাব খাটিয়ে টেন্ডারবাজি ও নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছেন। বর্তমানে তাদের অধীনে প্রায় ৩/৪ লক্ষ ঘনফুট বালু মজুদ আছে। এই অবৈধ বালু উত্তোলনের ফলে স্থানীয় ব্রিজ, ঘরবাড়ি ও বধ্যভূমি হুমকির মুখে পড়েছে।
ফারুক আহমদ জানান, এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গত বছর অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। সর্বশেষ গত ৬ মার্চ তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। এর প্রতিবাদে গত ৮ মার্চ স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম উদ্দিন বাদী হয়ে সুজন ও লুৎফুর রহমানের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি পাল্টা মামলা দায়ের করেছেন (মামলা নং- ১৮/২০২৬, জিআর-৭১/২০২৬)।
ফারুক আহমদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। আমাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য একটি ‘ডেভিল চক্র’ সক্রিয় হয়ে উঠেছে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই অন্যায়ের প্রতিবাদ করায় আজ আমি ও আমার কর্মীরা প্রতিহিংসার শিকার।”
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd