সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০০ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৬
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় দখলীয় জমি জোরপূর্বক ভরাট করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আজিম উদ্দিন (৩৩) সহকারী কমিশনার (ভূমি) জৈন্তাপুর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মজুমদারপাড়া এলাকার বাসিন্দা আজিম উদ্দিন দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি তার দখলীয় জমিতে গাছপালা রোপণ করে ভোগদখল করে আসছেন। কিন্তু তার প্রতিবেশী একই ইউনিয়নের জাঙ্গালহাটি এলাকার বাসিন্দা বশির উদ্দিন (৩৮), নুরুল ইসলাম (৪০) ও আনোয়ার হোসেন (৪৫) জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা করছেন।
অভিযোগে বলা হয়, গত ৫ মার্চ ভোরে বিবাদীরা ট্রাকযোগে মাটি এনে তার জমি ভরাট শুরু করেন। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা দা, সেল ও অন্যান্য দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাকে প্রাণনাশের হুমকি দেন এবং মারধরের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয় মুরব্বিদের কাছে সালিশের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা তা মানেননি এবং জমি ভরাটের কাজ অব্যাহত রেখেছেন। এতে এলাকায় যেকোন সময় দাঙ্গা-হাঙ্গামা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী আজিম উদ্দিন সরেজমিন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি) জৈন্তাপুরের কাছে আবেদন জানিয়েছেন।
অভিযোগে সুহাগ আহমদ, রুবেল আহমদ, সায়মা বেগম ও দেলোয়ার হোসেনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd