সিলেট ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পৃথকভাবে সাক্ষাৎ করেছেন বাণিজ্য, পাট, বস্ত্র ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে। সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সৌজন্য ও দ্বিপাক্ষিক বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
বৈঠকগুলোতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে যুক্তরাজ্য ও ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান বাণিজ্যিক সম্পর্ক, রপ্তানি সম্ভাবনা এবং বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাত, পাটজাত পণ্য এবং বস্ত্রশিল্পে পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্য বাধা দূরীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জিএসপি সুবিধা এবং পরবর্তী বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
অন্যদিকে, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে আঞ্চলিক বাণিজ্য যোগাযোগ বৃদ্ধি, সীমান্ত বাণিজ্য এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারসাম্য আনার বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই আলোচনাগুলো বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সরকার দেশের রপ্তানি বাজার বহুমুখীকরণ এবং শিল্পখাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে যে প্রচেষ্টা চালাচ্ছে, এই বৈঠকগুলো তারই ধারাবাহিকতার অংশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd