সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
নিজস্ব সংবাদদাতা :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ। এবার স্থানীয় সরকার নির্বাচনের দিকে নজর দিচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন। আর স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সবার আগে হতে পারে দেশের সিটি করপোরেশনগুলোর নির্বাচন। এক্ষেত্রে সিলেট সিটি করপোরেশনের মেয়র পদের জন্য সরকারি দল বিএনপিতে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকীর নাম।
করপোরেশনের কার্যক্রমও অনেকটাই স্থবির। প্রথম ধাপে হউক বা দ্বিতীয় বা তৃতীয় ধাপেই হউক, সিসিক নির্বাচন যে আসছে, সে ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। আর তাই শুরু হয়েছে প্রার্থীতা নিয়েও আলোচনা।
টানা দুই মেয়াদে সিলেট সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে ছিলেন বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তখন আওয়ামী লীগ সরকার থাকলেও আরিফুল হক চৌধুরীর জয়ে সমস্যা হয়নি। এরপর ২০২৪ সালের সিসিক নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মেনে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন নি। আওয়ামী সরকারের পতন হলে সিলেট সিটি করপোরেশনে নিয়োগ দেওয়া হয় প্রশাসক। বর্তমানে সেভাবেই চলছে।
এই সময়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র পদের জন্য তুমুল আলোচনায় আছেন ইশতিয়াক আহমদ সিদ্দিকী। আলোচনা হচ্ছে আরও অনেক কে নিয়েই। তবে ইশতিয়াক সিলেট বিএনপিতে আরিফুল হক চৌধুরী বলয়ের নেতা হিসাবে পরিচিত বলেই তাকে নিয়ে আলোচনা জোরালো হচ্ছে।
তার নামে রমজানকে স্বাগত জানিয়ে প্রকাশ করা হয়েছে লিফলেট। এসব লিফলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার দেয়ালে দেয়ালে সাটানোও হয়েছে। সচেতন নগরবাসীর ব্যানারে প্রকাশিত লিফলেটে তাকে মেয়র হিসাবে দেখতে চাওয়া হয়েছে।
এছাড়া দলীয় বিভিন্ন অনুষ্ঠান এবং আলাপ-আলোচনার কেন্দ্রেই আছেন মহানগর বিএনপির এই নেতা।
আলাপকালে তিনিও জানিয়েছেন, মেয়র পদে নির্বাচন করতে তিনি ইচ্ছুক। তবে সেক্ষেত্রে দলের ইচ্ছা-অনিচ্ছাটা গুরুত্বপূর্ণ। যদি দল মনোনয়ন দেয় এবং নেতাকর্মীরা চান তাহলে তিনি নির্বাচনের জন্য প্রস্তুত।
দলের উচ্চ পর্যায় থেকে কোনো সবুজ সংকেত পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে জানান, সেরকম কোনো সিগনাল পান নি। তবে তাকে দলের জন্য, মানুষের জন্য কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী তিনি কাজ করছেন।
এদিকে বিএনপির মধ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য আরও যাদের নিয়ে আলোচনা হচ্ছে তারা হলেন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd