সেই তহশিলদার স্ট্যান্ড রিলিজ, ফেরত দিলেন বিধবার ঘুসের টাকা

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

সেই তহশিলদার স্ট্যান্ড রিলিজ, ফেরত দিলেন বিধবার ঘুসের টাকা

ক্রাইম সিলেট ডেস্ক : সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৫/৬নং ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মোহাম্মদ রেজাউল করিমকে ঘুস বাণিজ্য ও দুর্নীতির দায়ে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এদিকে বিধবা নারী মাকসুদাকে ঘুসের ২০ হাজার টাকা ফেরত দিয়েছেন।

সোমবার বিকাল ৩টায় তহশিলদার মোহাম্মদ রেজাউল করিমকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, তহশিলদার রেজাউল করিমসহ ২ জন স্টাফকে স্ট্যান্ড রিলিজ করে ডিসি অফিসে নেওয়া হয়েছে।

এদিকে সোমবার বিকালে স্থানীয় বড়বাজারে একটি কম্পিউটার দোকানে বিধবা নারী মাকসুদাকে ঘুসের ২০ হাজার টাকা ফেরত দেন তহশিলদার মোহাম্মদ রেজাউল করিম। মাকসুদা মোবাইল ফোনে জানান, সাংবাদিক সমাজ ও পত্রিকার কারণে আমার টাকা ফেরত পেয়েছি, এজন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, তহশিলদার রেজাউল তাকে বলেছেন- যেহেতু আপনার টাকা ফেরত পেয়েছেন তাহলে কেউ জিজ্ঞাসা করলে বলবেন- আমার কাছ থেকে তহশিলদার ঘুস নেননি।

উল্লেখ্য, তহশিলদার রেজাউল করিমের ঘুস বাণিজ্যের অভিযোগে সোমবার সংবাদ প্রকাশিত হয়। জানা যায়, গত ১৯ নভেম্বর ২০২৩ হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগে উপজেলা সদর কামালখানী গ্রামের মো. আব্দুল তহিদ মিয়ার বিধবা মেয়ে মাসকুদা বেগম জানান, তার ভোগদখলে থাকা স্বামীর নামে সম্পত্তি গ্রাস করতে বিরোধীরা ১৪৪ ধারা চেয়ে আদালতে মামলা দিলে তহশিলদার রেজাউল করিম তদন্তভার পান। এরপর গত ১ মাস আগে ওই বিধবাকে অফিসে নিয়ে তার কাছে ৫০ হাজার টাকা ঘুস দাবি করেন, অন্যথায় রিপোর্ট নারীর বিরুদ্ধে দেবেন বলে হুমকি দেন। অসহায় নারী নিরুপায় হয়ে তহশিলদার রেজাউলকে ২০ হাজার টাকা ঘুস দেন; কিন্তু টাকা কম দেওয়ায় নারীর রিপোর্ট দেননি রেজাউল।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমানের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসিল্যান্ড সাহেবকে বলে দিয়েছি তদন্তসাপেক্ষে তহশিলদার মোহাম্মদ রেজাউল করিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..