সিলেট ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার একটি রিসোর্ট থেকে হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে নারীসহ আটকের খবরে সুনামগঞ্জের ছাতক থানায় হামলা চালিয়েছে হেফাজতে ইসলামের স্থানীয় অনুসারীরা। শনিবার রাত ৯ টায় এই হামলার ঘটনা ঘটে। এর আগে ছাতক পৌর শহরে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
পুলিশ জানিয়েছে, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হামলায় ছাতক থানার পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ৪০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আক্রমণকারীদের প্রতিহত করা হয়েছে।
হামলায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। হামলার পরপরই ছাতক পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। রাতেই ছাতক থানা পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে নারায়নগঞ্জের একটি রিসোর্টে নারীসহ আটক করা হয়েছে এমন খবর পেয়ে ছাতক পৌর শহরে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও অনুসারীরা। এক পর্যায়ে থানায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ইটপাটকেলের আঘাতে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন, রাকিব উদ্দিন, সাইদুল ইসলাম, দিলশাদ মিয়া, রবিউল আলম ও সুবল দাস। আহত পুলিশ সদস্যরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছেন।
হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, ‘রাতে অর্তকিত কয়েকশ’ লোক থানায় ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে থানার পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে। ’
সিলেটের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, দেড় শতাধিক লোক থানায় অতর্কিত হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে এবং টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd