সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাস থেকে রেহাই পাচ্ছেন না।করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে স্বাস্থ্যকর্মী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংবাদ সংগ্রহে সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে আক্রান্ত হচ্ছেন গণমাধ্যমকর্মীরা।
শনিবার (৬জুন) পর্যন্ত সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪৯জন। এঁদের মধ্যে গণমাধ্যমকর্মী রয়েছেন ৮জন। নমুনা পরীক্ষায় তাদের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। আক্রান্ত সাংবাদিকদের সাতজনই সিলেট নগরীতে কর্মরত।অপরজন ওসমানীনগরের। আক্রান্তদের সবাই নিজ নিজ বাসা-বাড়িতে আইসোলেশনে আছেন।
এ পর্যন্ত সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্ত হন দৈনিক সমকাল’র সিলেট ব্যুরো’র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ হিউম্যান রাইটর্স জার্নালিস্ট কমিশনের সভাপতি রোটারিয়ান ফয়সল আহমদ বাবলু এবং সিলেট সান ডট কম’র বার্তা সম্পাদক ও দৈনিক আলোকিত সময়ের ব্যুরো প্রধান সুলতান সুমন।
ওসমানী মেডকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বুধবার (৪ জুন) তাদের রেজাল্ট আসে করোনা পজিটিভ। এই দুই সাংবাদিক বাসায় আইসোলেশনে রয়েছেন।তারা সুস্থ আছেন, তাদের শরীরে বর্তমানে কোনো উপসর্গও নেই বলে জানিয়েছেন।
একইদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় চ্যানেল এস’র ক্যামেরা পার্সন রুহিন আহমদের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়। সাংবাদিক রুহিন অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন, সিলেট ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন।
একই ল্যাবে নমুনা পরীক্ষায় ৩০ মে সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ এবং যমুনা টিভির ক্যামেরা পার্সন নিরানন্দ পালের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।
সাংবাদিক ইকবাল মাহমুদ জানিয়েছেন, তিনি এখন সুস্থ।বাসায় আইসোলেশনে আছেন।শরীরে কোনো উপসর্গও নেই। তিনি করোনায় আক্রান্ত সাংবাদিকসহ সকলের সুস্থ্যতা কামনা করেন।
এছাড়া ২৭ মে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাংবাদিক মাধব কর্মকারের করোনা পজিটিভ ধরা পড়ে।তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কর্মরত।
এর আগের দিন ২৬মে ওসমানীর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর দৈনিক শুভপ্রতিদিন’র ওসমানীনগর প্রতিনিধি রনিক পালের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়।
সিলেটে প্রথম করোনায় আক্রান্ত হন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)’র সিলেট বিভাগীয় সম্পাদক সাংবাদিক আবুল হোসেন। ২১ মে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার আবুল হোসেন ও তাঁর স্ত্রীর করোনা পজেটিভ রিপোর্ট আসে। সংবাদকর্মী আবুল দৈনিক সবুজ সিলেট’র সাবেক স্টাফ রিপোর্টার।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের জন্য আলাদাভাবে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।প্রেসক্লাব সদস্য সাংবাদিকদের কারও করোনার উপসর্গ দেখা দিলে তিনি দ্রুত নমুনা দিতে পারবেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd