সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরের মীরবক্সটুলা এলাকার রাস্তার পাশে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন ফিনল্যান্ডের নাগরিক মি. মার্কো (৪৫)। শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সেখান থেকে উদ্ধার করে শহীদ সামছুদ্দিন হাসপাতালের (সদর হাসপাতাল) আইসোলেশন ওয়ার্ডে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।
সেখানেই তার চিকিৎসা চলছে বলে নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
তিনি বলেন, ‘তাকে আমরা কোয়ারেন্টাইনে রেখেছি। এখনও তার অবস্থা বলা যাচ্ছে না। তবে আগামীকাল হয়তো আমরা সিদ্ধান্ত নিতে পারবো তার করোনাভাইরাসের জন্য নমুনা পরীক্ষা করা লাগবে কি না।’
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, মি. মার্কো প্রায় দুই মাস আগে বাংলাদেশে আসেন। তিনি সিলেটে অবস্থান করছেন দেড় মাস ধরে। তিনি মীরবক্সটুলা এলাকার একটি হোটেলে থাকতেন। হঠাৎ অসুস্থতা অনুভব করলে হোটেল থেকে বের হয়ে হাসপাতালে যাচ্ছিলেন তিনি। পথে মীরবক্সটুলায় এয়ারটেল কাস্টমার সেন্টারের সামনে আসা মাত্রই তিনি অজ্ঞান হয়ে যান।
খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে শহীদ সামছুদ্দিন হাসপাতালের হাসপাতালে নেয়। সেখানে তার চিকিৎসা চলছে।
এদিকে, ওই বিদেশিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর সেই স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছে সিলেট সিটি করপোরেশন। সম্ভাব্য নভেল করোনাভাইরাস প্রতিরোধে এ জীবাণুনাশক ছিটানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd