সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে মাঠে ক্রিকেট খেলার সময় আকস্মিক বজ্রপাতে ৫ম শ্রেণির ছাত্র রিফাত মিয়া (১১) ঘটনাস্থলে নিহত হয়েছে। সে কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর রাসটিলা গ্রামের দিন মজুর জসিম উদ্দিনের ছেলে। বজ্রপাতে তার সাথের আরও ৩ জন আহত হয়েছে। রোববার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় এ ঘটনাটি ঘটে।
কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ও স্থানীয় ইউপি সদস্য সোলেমান হোসেন জানান, বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র রিফাত মিয়াসহ ৪ শিশু মাঠে ক্রিকেট খেলছিলো। সকাল থেকে বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে অবিরত মেঘের গর্জন ছিল। বেলা সাড়ে ৩টায় আকস্মিকভাবে বজ্রপাত হয়। এ বজ্রপাতে খেলার মাঠেই ছাত্র রিফাত মারা যায়। সাথের তিন শিশু উত্তর রাসটিলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে কাওছার মিয়া (১৮), জালাল মিয়ার ছেলে সবুজ মিয়া (১৩) ও আনোয়ার মিয়ার ছেলে ওয়াকিল মিয়া (১২) আহত হয়েছে। রিফাতসহ আহত ৩ শিশুকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত মিয়াকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মানষ কান্তি সিনহা বলেন, বজ্রপাতে রিফাত মারা গেছে, আর বাকি তিন শিশু আহত হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বজ্রপাতে এক ছাত্রের মৃত্যু ও তিন শিশু আহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসন থেকে নিহতের পরিবার ও আহতরা আর্থিক সহায়তা পাবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd