ছাতকে জমি দখল ও রাস্তার পাশে ঝুকিপূর্ণ পুকুর খনন থানায় অভিযোগ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯
ছাতক প্রতিনিধি :: ছাতকের কালারুকা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের সাহাব উদ্দীনের জমি জবর দখল ও রাস্তা ঘষে গভীর পুকুর খনন করে নিয়েছে একই গ্রামের এহিয়া, জুবেল, ছাইম উদ্দীন, রাজ উদ্দীন। এ ঘটনায় গত রোববার ছাতক থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাহাব উদ্দীনের বাড়ী সংলগ্ন পশ্চিম দিকে তার নিজ আমন জমির পাশে এহিয়ার জমি রয়েছে। ঐ জমির মাটি কেটে পুকুর পার তৈরি করে ৫/৬ হাত জায়গা জবর দখল করে নিয়েছে এহিয়া। মাটি সরিয়ে নেয়ার জন্য বলা হলে সাহাব উদ্দীনকে খুন-জখমের ভয়-ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযেগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা জানান, নুরুল্লাপুর, উজিরপুরসহ কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। রাস্তা ঘষে গভীর পুকুর খনন করায় হুমকির মুখে পড়েছে সরকারী এই রাস্তাটি। একটু বৃষ্টি হলেই রাস্তা ধসে মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে। চরম দূর্ভোগ পোহাতে হবে এই আতষ্কে এলাকাবাসী।
এ ব্যাপারে এহিয়ার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই অরুপ সাগড় জানান, আজ বুধবার বিকেলে ঘটনা স্থল পরিদর্শন করেছি। বিবাদী এহিয়াকে বাড়ীতে পাওয়া যায়নি। বিষয়টি জমি সংক্রান্ত তাই কাগজ পত্র নিয়ে থানায় আসতে বলেছি।
ছাতক থানার ওসি আতিকুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।